বিশ্বকাপ খেলা নিয়ে বিরোধ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
ঢাকার আদাবরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সৃষ্টি হওয়া বিরোধের জেরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
বুধবার রাতে সালিশ বৈঠক শেষে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন এবং একই ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে নবোদয় হাউজিং এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপক্ষে ছিলেন সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া, অপরপক্ষে ছিলেন স্থানীয় রিপন ও পারভেজ।
ওই ঘটনার মীমাংসায় বুধবার সন্ধ্যায় উভয় পক্ষ সালিশ বৈঠকে বসে। তবে বৈঠকে সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক দিন আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। পরে তারা নিজেরাই সালিশে বসেছিলেন। সালিশের ফল নিয়ে অসন্তোষ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।