প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সায়দাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যাত্রীসেবা সচল রাখতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে একটি পরিত্যক্ত বাস অপসারণ করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে ‘টি আর ট্রাভেলসের একটি বাস পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বাসটি টার্মিনালের ভেতরে যানবাহন চলাচলে এবং স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। জনস্বার্থে বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করে অপসারণ (ডাম্পিং) করা হয়।
এছাড়া টার্মিনালের ভেতর নিয়মবহির্ভূতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞপ্তির শেষাংশে জানানো আরও হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।