মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ পথ। ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে শুক্রবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফারা বাড়ি খুলনা জেলার ফুলতলা থানায়। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি কক্ষে একাই থাকতেন। তবে ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।
স্বজনরা জানায়, ২০২৬ সালের ২৩ জুনের পর থেকে ফারার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। বারবার চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনরা ঢাকায় তার ভাড়া বাসায় আসেন। বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঘরের ভেতরে ফারার মরদেহ পড়ে থাকতে দেখে তারা হতভম্ব হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দেন। পরে পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই)একরামুল হক বলেন, “আমরা খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি কক্ষ তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে”।