প্রতীকী ছবি
রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে মারধরের শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত সোমবার রাতে আর্জেন্টিনার খেলা চলাকালীন মারধরের শিকার হন তিনি।
নিহত রাসেল (২৯) ভোলা সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। পাশাপাশি কদমতলীর মুন্সিখোলা এলাকায় এটি রডের ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত রাসেলে বোন রেশমা আক্তার জানান, গত সোমবার রাতে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাসা থেকে বের হয় রাসেল। খেলার হাফটাইমে তাকে কয়েকজন ডেকে নিয়ে কদমতলীর মুন্সিখোলা এলাকার নদীর ধারে নিয়ে যায়। সেখানে রাসেলকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, পরিবার খবর পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাসেলকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।