বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের উদ্যোগে সোমবার সকালে রামিসার মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নৃশংস হত্যাকাণ্ডে নিহত শিশু রামিসার মৃত্যুশোকে গভীরভাবে ভেঙে পড়া তার মা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক জটিলতায় ভুগছেন। বুকে ব্যথা, নিউরোলজিক্যাল (ভার্টিগো) সমস্যা এবং পরিপাকতন্ত্রজনিত অসুস্থতায় তার শারীরিক অবস্থাও ক্রমশ অবনতির দিকে যায়।
এ অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর তিনি দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন এবং সোমবার সকালে রামিসার মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসকদের তথ্যমতে, রামিসার মায়ের মানসিক আঘাত ও দীর্ঘদিনের শোকজনিত কারণে শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে তার কাউন্সেলিং ও প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। এতে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম জানান, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোকের কারণেই রামিসার মায়ের শারীরিক ও মানসিক জটিলতা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, “বিশেষজ্ঞদের সমন্বয়ে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে”।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে রামিসার মায়ের অবস্থা স্থিতিশীল থাকলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
পরিবার আশা করছে, এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন।