প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫৯ মিনিট আগে
আপডেট : ৫৬ মিনিট আগে
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির নিখোঁজ শিক্ষার্থী পলাশ মণ্ডল। ছবি: পলাশ মন্ডলের পরিবার থেকে প্রাপ্ত
ঢাকা থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির (সিএ) শিক্ষার্থী পলাশ মণ্ডল নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদের জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুন থেকে পলাশ মণ্ডলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পলাশ মণ্ডল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) অধীনে সিএ অধ্যয়নরত ছিলেন।
পরিবারের তথ্য অনুযায়ী, পলাশ মণ্ডলকে সর্বশেষ ১৭ জুন ২০২৬ তারিখে ঢাকার ভাটারা থানার শাহজাদপুর এলাকার বাঁশতলা এলাকায় দেখা যায়। এর পর থেকে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
পলাশ মণ্ডলের বড় বোন অনিমা মন্ডল (৪০) এ নিয়ে গত ১৮ জুনে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ১৭ জুন গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর বাঁশতলা এলাকা থেকে তার ভাই পলাশ নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পলাশের দ্রুত সন্ধান কামনা করা হয়েছে। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকেও সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে।
পলাশ মণ্ডলের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
বোন: ০১৭১৮-১৪৮৬৯৭ অথবা ০১৬৩২-২৫৬৭৭০
জাতীয় জরুরি সেবা: ৯৯৯ অথবা গুলশান থানা।