প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২০:২৩ পিএম
কৃষিখাতের সঙ্গে জড়িত সকল ভ্যালু চেইন পার্টনারদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে ‘কৃষি বাণিজ্য মেলা’র আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আমিনবাজারে নবনির্মিত ‘ডিএনসিসি পাইকারি কাঁচাবাজার’ প্রাঙ্গণে আগামী ৩ থেকে ৫ ফ্রেব্রুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে ।
রবিবার (১ জানুয়ারি) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির তত্ত্বাবধানে বাংলাদেশের কৃষি ভ্যালুচেইনের সব অংশীদারদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ মেলা বাস্তবায়ন করবে এগ্রি- টেক স্টার্টআপ দেশীফার্মার লিমিটেড।
কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে আমিন বাজারে পাইকারি কাঁচাবাজার নির্মাণ করেছে ডিএনসিসি। তবে নানা জটিলতায় এখনও কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া ঝুলে আছে। আমিন বাজারের পাইকারি কাঁচা বাজারের প্রচারণা ও নিরাপদ কৃষি পণ্যের প্রসার ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত ২১ ডিসেম্বর গুলশানে ডিএনসিসি নগর ভবনে সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম এবং দেশীফার্মার লিমিটেডের চেয়ারম্যান সুমাইয়াহ মৌসিনিন এক বৈঠকে তিনদিনব্যাপী কৃষি বাণিজ্য মেলা আয়োজনের সিদ্বান্ত নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা কৃষি পণ্যের বাজার দরে স্থিতিশীলতা, নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কৃষিপণ্য সংরক্ষণের প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবেন।
কৃষি খাতের সংশ্লিষ্ট সকল অংশীজনদের এক ছাদের তলায় নিয়ে আসতেই এই মেলার আয়োজন করা হচ্ছে।
এ প্রসঙ্গে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় অবকাঠামো ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে ডিএনসিসি। এরই ধারাবাহিকতায় নিরাপদ খাদ্য বাজারজাতকরণের লক্ষ্য এ মেলার আয়োজন করা হচ্ছে।’