× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার সমাবেশে ২১ দফা

উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার গবেষণা সংস্থা ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার গবেষণা সংস্থা ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপকূলের সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা।

জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও ভূমিক্ষয়ের মতো ক্রমবর্ধমান দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে মোট ২১ দফা দাবি জানান তারা।

তাদের মতে, উপকূলের সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।

গবেষণা সংস্থা ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় একের পর এক দুর্যোগ আঘাত হানছে। একই সঙ্গে লবণাক্ততার মাত্রা বাড়তে থাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট তীব্র হচ্ছে। ফলে কর্মসংস্থান কমে যাচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।

জনগণের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও প্রস্তাবিত জাতীয় বাজেটে বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি বলেও তিনি মন্তব্য করেন।

উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরডিএফের সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী।

তিনি বলেন, উপকূলের সংকট এখন শুধু প্রাকৃতিক দুর্যোগের বিষয় নয়; এটি জেলে, কৃষক, মৎস্যসম্পদ, খাদ্য নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত।

তিনি সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নৌযান নিবন্ধন, ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, আবহাওয়া সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম এবং মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় পর্যাপ্ত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, উপকূলীয় এলাকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য বিভিন্ন সময়ে নানা প্রকল্প নেওয়া হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে বহু প্রত্যন্ত অঞ্চল এখনও উন্নয়নের বাইরে রয়ে গেছে।

তিনি বাজেট পাসের আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

২১ দফা দাবিগুলোর মধ্যে উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল গঠন, টেকসই ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির নিশ্চয়তার বিষয়গুলো অন্যতম। 

পাশাপাশি দেশের মৎস্যসম্পদ রক্ষায় ‘অবৈধ জাল বন্ধ কর, মৎস্যসম্পদ রক্ষা কর’ শীর্ষক সামাজিক আন্দোলনকে সফল করার আহ্বান জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক নেতা অধ্যক্ষ আকমল হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রতিনিধি শাকিল আহমেদ এবং ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফোরামের আহ্বায়ক সাদিয়া সুলতানা শাপলা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা