ঢাকার মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ‘শিশু সুরক্ষা ও যুবদের পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর উন্নয়ন ও জনসেবামূলক কাজে যত বাধা বা ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব ভালো কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ঢাকার মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ‘শিশু সুরক্ষা ও যুবদের পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব। ৪১ বছরের রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ এখানে এসেছি। ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে। তবে বাধার কারণে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশে তিনি নগর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একইসঙ্গে নগরবাসীর যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের নিরলস পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি ডিএনসিসির জনসেবামূলক উদ্যোগগুলো সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।
বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখা, ছাদ, ছাদবাগান ও আশপাশে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের দিকে এগোতে হবে।