মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার মৌচাকে ছুরিকাঘাতে মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
রমনা থানার মৌচাক আনারকলি মার্কেটের সামনে সোমবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি মালিবাগের বাগান বাড়ির ৫১২ নম্বর বাসার মৃত ইউসুফ তালুকদারের ছেলে। তিনি ইট বালু ব্যবসা করতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ এসব তথ্য জানিয়েছেন।
তিনি দাবি করেন, রাত ৮টার দিকে রমনা মৌচাক আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের লুৎফুরের নেতৃত্বে অজ্ঞাত ১০/১২ মিলে বিল্লালকে বুকের ডানপাশে ছুরিআঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।