প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১১:২৮ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১১:৩৬ এএম
গার্ডারচাপায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। (ফাইল ফটো)
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারচাপায় নিহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম হাইকোর্টে এ রিট করেন।
আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।’
এর আগে গতকাল মঙ্গলবার একই ঘটনায় আরেকটি রিট করা হয়। ওই রিটে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জনগণের চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। ওই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাগুফতা আহমেদ।
সাগুফতা আহমেদের রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত সোমবার বিকালে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারচাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন।
নিহতরা হলেন--আইয়ুব আলী হোসেন রুবেল (৫৫), ফাহিমা আক্তার (৩৮), ঝরনা আক্তার (২৭), ঝরনা আক্তারের দুই শিশু সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (৪)। গতকাল বিকালে ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গার্ডারচাপার ঘটনায় এর আগে থানায় একটি মামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রবা/এইচকে/ এসআর