× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘থার্টি ফার্স্ট নাইটে বার বন্ধ, ওড়ানো যাবে না ফানুস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১২:০৪ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:০৩ পিএম

ডিএমপির মিডিয়া সেন্টারে ‘কমিশনারস মিট দ্য প্রেসে’ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : ভিডিও থেকে নেওয়া

ডিএমপির মিডিয়া সেন্টারে ‘কমিশনারস মিট দ্য প্রেসে’ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : ভিডিও থেকে নেওয়া

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ‘কমিশনারস মিট দ্য প্রেসে’ ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না।’

কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত ক্রসিং দিয়ে হেঁটেও প্রবেশ করতে পারবেন তারা।’

ডিএমপি কমিশনার বলেন, ‘থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টি হবে না। কোথাও আতশবাজি-পটকা ফোটানো যাবে না, ফানুস ওড়ানো যাবে না। আপনারা জানেন ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলকা। তাই স্ট্রিক্টলি অনুরোধ করছি যাতে কেউ ফানুস না ওড়ায়। ফানুস ওড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে ঢাকাজুড়ে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে। আমরা বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যতটা সম্ভব তল্লাশি করব; যাতে এ উপলক্ষে কোনো জঙ্গিগোষ্ঠী নাশকতা চালাতে না পারে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির সোয়াত, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

কমিশনার বলেন, গুলশান-বনানী-বারিধারায় রাত ৮টা থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। রাত ৮টার পর থেকে ওই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। ওই এলাকায় প্রবেশের জন্য আমতলি ক্রসিং-কাকলি ক্রসিং খোলা থাকবে। সেখানকার বসবাসরত নাগরিকদের ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রবেশের অনুরোধ জানাচ্ছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হাতিরঝিল এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। তবে সন্ধ্যার পর হাতিরঝিলে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।

‘উচ্চ শব্দে হর্ন বাজানো, দ্রুতগতিতে জয়রাইড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাতাল অবস্থায় কোনো চালক যাতে গাড়ি চালাতে না পারে সেজন্য সন্দেহভাজনদের ব্রিথিং টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যেকোনো প্রয়োজনে নগরবাসীকে পুলিশকে ফোন করার অনুরোধ জানান তিনি।

থার্টি ফার্স্টে জঙ্গি হামলার থ্রেট রয়েছে কি নাজানতে চাইলে তিনি বলেন, ‘সম্প্রতি দুজন জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান চলছে, জঙ্গি সদস্যও ধরা পড়ছে। তবে থার্টি ফার্স্টে স্পেসিফিক কোনো থ্রেট নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা