দুদকের মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২ পিএম
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ফটো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের মালিকানাধীন ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। কুমিল্লায় অবস্থিত এই বিশাল ভূসম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।
গতকাল সোমবার দুদক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই সম্পত্তি জব্দের আবেদনটি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগদখলে রেখেছেন। দুদকের তদন্তকালে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মামলার আসামি নাসরিন ইসলাম তার নামীয় এই স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। তদন্তকারী সংস্থা মনে করছে, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই যদি এই অবৈধ সম্পত্তি স্থানান্তর বা রূপান্তর হয়ে যায়, তবে তা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।
আদালত শুনানি শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি অনুযায়ী জনস্বার্থে এই সম্পত্তিগুলো অবিলম্বে জব্দের নির্দেশ প্রদান করেন।