সরেজমিন ঢাকা-১৫
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২ পিএম
প্রতিকী ছবি
ঢাকা-১৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও ভোটগ্রহণে ‘ধীরগতির’ অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালিকা শাখা) কেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
বিএনপি প্রার্থীর দাবি, অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হলেও ভোটগ্রহণের গতি অত্যন্ত ধীর।
বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বলা হয়, ‘লাইন দীর্ঘ, ভোট স্লো করা হচ্ছে’-এ বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। একই সঙ্গে কাজীপাড়া সিদ্দিকীয়া মাদ্রাসা কেন্দ্রে ‘জালভোট’ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই থেকে তিনজনকে আটক বা চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করা হয়। বিষয়টি সাংবাদিকদের অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মনিপুর কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে দায়িত্বরত সেনাসদস্যরা হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নির্বাচনি এলাকার কাফরুলের ইব্রাহিমপুর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, কেন্দ্র, সরকারী প্রাথমিক বিদ্যালয়, রোটারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে সুষ্ঠু ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বলা হয়, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে যেন কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ‘এতদিন পরে ভোট, জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে’ -এ প্রত্যাশার কথাও তুলে ধরা হয়।
এই আসনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অতীতে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। এর আগে ২০০১ সালে মৌলভীবাজার-২ আসন থেকেও নির্বাচন করেছিলেন।
ফলাফল নিয়ে প্রশ্নে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি; তবে স্থানীয় ভোটাররা ‘স্থানীয় প্রতিনিধিকেই’ বেছে নেবেন-এমন আশাবাদ রয়েছে। একই সঙ্গে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে-এ কামনাও ব্যক্ত করা হয়েছে।