× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৫

সামসুল হক খান স্কুলে জাল ভোটের অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮ পিএম

ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-৫ আসনের ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪ নম্বর কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে রাণী নামের এক নারী ভোট প্রদান করে কেন্দ্র ত্যাগ করেন। পরে প্রকৃত ভোটার কেন্দ্রে এসে উপস্থিত হলে বিষয়টি সামনে আসে। তখন জানা যায়, তার নামে ইতোমধ্যে একটি ভোট কাস্ট হয়ে গেছে।

প্রিসাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান বলেন, “একটা দুর্ঘটনা ঘটেছে। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি জাল ভোট পড়েছে। যখন প্রকৃত ভোটার আসে, তখন আমরা বিষয়টি জানতে পারি। পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রকৃত ভোটারের ভোট গ্রহণ করে সেটি আলাদাভাবে সংরক্ষণ করেছি।”

সকাল সাড়ে সাতটায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

নির্বাচন-পূর্ব রাতে কেন্দ্রে প্রবেশ নিয়ে বিতর্ক

এর আগে বুধবার রাতে একই কেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় ৮টার দিকে স্থানীয় বিএনপি নেতা শাহ আলমসহ কয়েকজন নেতা ভোটকেন্দ্রে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে জামায়াত ও অন্যান্য প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রের আশপাশে জড়ো হন। তাদের আপত্তির মুখে বিএনপি নেতারা কেন্দ্র ত্যাগ করেন।

কেন্দ্রের বাইরে উপস্থিত ব্যক্তিরা প্রবেশের কারণ জানতে চাইলে শাহ আলম দাবি করেন, তারা ব্যক্তিগত কাজে কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, “আগামীকাল নির্বাচন, সেটা আমরা জানি। তবে ব্যক্তিগত কাজে এসেছিলাম। কাজ শেষ, এখন চলে যাচ্ছি।”

এ সময় অন্য রাজনৈতিক দলের কর্মীরা নির্বাচন-পূর্ব সময়ে ভোটকেন্দ্রে প্রবেশকে অনুচিত ও বিধিবহির্ভূত বলে মন্তব্য করেন। পরে শাহ আলম বলেন, “ঠিক আছে, আমরা আর প্রবেশ করব না। অন্য কেউ যেন প্রবেশ না করে, আপনারা সতর্ক থাকবেন।”

ঘটনার পর কেন্দ্রের আশপাশে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী

ঢাকা-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির নবীউল্লা নবী, জামায়াতের কামাল হোসেন, ইসলামী আন্দোলনের হাজী ইব্রাহীম, গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সিপিবির তোফাজ্জল হোসেন মোস্তফা, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর আসুদ, বাংলাদেশ লেবার পার্টির গোলাম আজম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোটের তাইফুর রহমান রাহি, বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির হুমায়ুন কবির এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শাহিনুর আক্তার সুমি।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন এবং হিজড়া ভোটার ৫ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা