× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার কেন্দ্রগুলোর নিরাপত্তায় কড়া নজরদারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় টহলরত বিজিজির সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় টহলরত বিজিজির সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোট নেওয়া হচ্ছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে ঢাকাসহ সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কয়েক মিনিট পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের আশপাশে টহল দিচ্ছেন। কোথাও কোথাও দলগতভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করছেন তারা। 

প্রয়োজনে দায়িত্বরত সদস্যদের ব্রিফ করতে দেখা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনে আসা এক সেনা কর্মকর্তা বলেন, “ভোটার ছাড়াও অনেকে অকারণে কেন্দ্রের আশপাশে ভিড় করছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

একই কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য রকিবুল ইসলাম বলেন, “গতকাল দুপুর থেকেই কেন্দ্রে অবস্থান করছি। ভোট শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।”

সকাল থেকেই ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। কেন্দ্রের প্রবেশমুখে দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভোটারদের স্লিপ যাচাই করে কেন্দ্রে প্রবেশ করাতে দেখা যায়।

নিরাপত্তা জোরদারে ঢাকাসহ সারা দেশে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, নৌবাহিনী, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

ঢাকায় গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও ভোটকেন্দ্র এলাকায় টহল জোরদার করা হয়। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনকে ঘিরে প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, সেনাবাহিনীর ১ লাখ, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, র‍্যাবের প্রায় ৮ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ এবং ফায়ার সার্ভিসের ১৩ হাজার সদস্য রয়েছেন। পাশাপাশি মোতায়েন রয়েছেন প্রায় ৬ লাখ আনসার সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা