প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:১৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:১৩ পিএম
শাহবাগ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘নিরাপত্তা শঙ্কায়’ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
ঢাকার শাহভাগ থাকায় শনিবার রাত ৮টার দিকে তিনি এই জিডি করেন।
জিডিতে ওমর বিন হাদি নিজের এবং নিহত হাদির সন্তানের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “তিনি নিরাপত্তাহীন মনে করে একটি জিডি করেছেন, কিন্তু সেখানে কারো নাম উল্লেখ করা হয়নি”।
জিডিতে ওমর লেখেন, “শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি”।
হাদির খুনি চক্র গ্রেপ্তার না হওয়ায় যেকোন সময় ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটাতে পারে বলে তিনি মনে করছেন।
এছাড়াও তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেইসবুক আইডি থেকে তার পরিবারের ‘সুনাম ক্ষুণ্ন করার’ জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, “আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহিদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি”।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে পরিচিত মুখ শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলিতে নিহত ওসমান হাদির ভাই ওমরকে গত ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সাহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর এক সপ্তাহের মাথায় নিজেকে ‘নিরাপত্তাহীন’ মনে করে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।