প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ২১:১৫ পিএম
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক বৃহৎ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক বৃহৎ প্রতিযোগিতা ‘পঞ্চম আন্তঃস্কুল স্টেম ফেস্ট ২০২৬’ মহা আড়ম্বরে শেষ হয়েছে।
ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার রাতে এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এবারের স্টেম ফেস্টে ‘সায়েন্স অ্যান্ড কম্পিউটিং’, ‘বায়োকেমিস্ট্রি’, ‘ম্যাথ’, ‘ফিজিক্স’ এবং ‘প্রোগ্রামিং অলিম্পিয়াড’—এই ৫টি বিভাগে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতায় ১৪২টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে স্থান পায় রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), পরিবেশ ও নবায়নযোগ্য শক্তি এবং ভূমিকম্প মোকাবিলার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবন।
গত ২৩ জানুয়ারি শুরু হওয়া এ আয়োজনের দ্বিতীয় ও শেষ দিনেও সকাল থেকে অলিম্পিয়াড ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদের মধ্যে শীর্ষ ২০ জন শিক্ষার্থী আমেরিকা ও লন্ডনভিত্তিক আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের বিশেষ সুযোগ পাচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডোনাল্ড, ক্যামব্রিজ পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শারওয়াত রেজা, পিয়ারসন পরীক্ষা বোর্ডের কান্ট্রি ডিরেক্টর লিটন আব্দুল্লাহ, অক্সফোর্ড পরীক্ষা বোর্ডের কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন প্রমুখ।
গত বছর স্টেম ফেস্টে বিজয়ী শিক্ষার্থীরা আমেরিকায় গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। গত ৪ বছর ধরে স্টেম ফেস্ট থেকে বিজয়ী শিক্ষার্থীরা আমেরিকার আলাবামায় অবস্থিত নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে সারা বিশ্ব থেকে আগত শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।