প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বুধবার ঢাকার সাইন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের ডাক দিয়েছেন ঢাকার সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বুধবার টানা ছয় ঘণ্টারও বেশি সময় অবস্থান করার পর সন্ধ্যায় তারা রাস্তা ছেড়ে দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঢাকার বিভিন্ন পয়েন্টে আবারও অবস্থান নেবেন তারা। দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এক সংবাদ সম্মেলনে বুধবার সন্ধ্যায় আন্দোলনের প্রতিনিধি নাঈম হাওলাদার বলেন, “আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান রাখবো। আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে।”
এর আগে, এদিন দুপুর থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার বড় একটি অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যায় শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।