প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৭ পিএম
একটি বাড়ির গ্যাসের চুলার ওপর থাকা গ্যাস বার্নার। ছবি: রয়টার্স
ঢাকার উত্তরায় টঙ্গী ব্রিজের কাছে তিতাস গ্যাসের পাইপলাইনে ফের দুর্ঘটনা ঘটেছে। শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের একটি ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ হয়েছে। নিরাপত্তা জনিত কারণে তাৎক্ষণিকভাবে উত্তরাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার গ্যাস বিতরণ পাইপলাইনে তৃতীয়বারের মতো এ দুর্ঘটনা ঘটল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলছে। এ ভাল্ভ গ্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। এটি পাইপলাইনের বিভিন্ন পয়েন্টে থাকে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুন দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে।
এর আগে, গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ওই দিন রাতে নতুন ভাল্ভ বসানোর পর আবার গ্যাস সরবরাহ চালু করা হয়।