প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম
এমআরইউ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত প্রতিদিনের বাংলাদেশের শাইনুল নুর (মাঝে)। প্রবা ফটো
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)–এর ২০২৬ মেয়াদের নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর রিপোর্টার শাইনুল ইসলাম নুর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
সংগঠনটির ২০২৬ মেয়াদের এই নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষ’র মিজবাহ উদ্দীন জয়ী হয়েছেন। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার মাইনুল হাসান সোহেল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার ও জাকির ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন এবং অর্থ সম্পাদক হিসেবে জান্নাতুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও বিভিন্ন পদে মোট ২১ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, ‘এই বিজয় একক কোনো ব্যক্তির নয়, এটি এমআরইউ পরিবারের সবার। মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও প্রশিক্ষণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় এমআরইউ হবে আরও সক্রিয় ও শক্তিশালী।’
ক্রীড়া সম্পাদক শাইনুল ইসলাম নুর তাকে নির্বাচিত করার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।