× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেমিনারে তিন মন্ত্রণালয়

প্রাণী, পরিবেশ ও মানবস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত কাজ করার অঙ্গীকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম

 প্রাণী, পরিবেশ ও মানবস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত কাজ করার অঙ্গীকার

প্রাণিস্বাস্থ্য, পরিবেশ ও মানবস্বাস্থ্য উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টারা স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের গুরুত্বারোপ করে বলেন, প্রাণিস্বাস্থ্য ঠিক থাকলে মানবস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। আর পরিবেশের সার্বিক সূচক ভালো না থাকলে আমরা কেউ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। এজন্য আন্ত:মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করতে হবে। 

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ওয়ান হেলথ কার্যক্রম: সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশল’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান।

সমন্বিত প্রবন্ধ উপস্থাপন করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাঃ তাহমিনা শিরীন, বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মোঃ জাহিদুল কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। 

পরিবেশ উপদেষ্টা বলেন, ওয়ান হেলথ কার্যক্রম বাস্তবায়নে অতিরিক্ত প্রক্রিয়াভিত্তিক জটিলতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এসব সীমাবদ্ধতা দূর করতে জাতীয় ও জেলা পর্যায়ে কার্যকর পরামর্শক কমিটি গঠন এবং প্রতিটি মন্ত্রণালয়ে সুস্পষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জনবল বৃদ্ধি, অনলাইন প্রক্রিয়ার সম্প্রসারণ এবং পরিকল্পনা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো সম্ভব। বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি প্রকল্পের বড় অংশ সময় শুধু জমি অধিগ্রহণ প্রক্রিয়াতেই ব্যয় হয়ে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করে নতুন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

কপ-৩০ এর অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, কপে পরিবেশ মন্ত্রণালয় অগ্রাধিকার থাকলেও সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি নেই। মৎস্য এবার ঢুকেছে। আমরা আগামীতেও থাকবোই। এসব স্থানে আমাদের সকলের মিলে কাজ করতে হবে। তাহলে স্বাস্থ্যের সমস্যা কিছুটা পরিবর্তন আসবে।

তিনি বলেন, তিন মন্ত্রণালয় মিলেই সমন্বিতভাবে কাজ করবো। একটি ডিপিপি থাকবে তবে তিন মন্ত্রণালয়ের তিনজন পিডি থাকবে। 

উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের বিষয়গুলোকে কেন্দ্রস্থলে রেখে সমন্বিত ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উন্নয়নের নামে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হলে তার চূড়ান্ত মূল্য সমাজকেই দিতে হয়। রাস্তা বা অবকাঠামো নির্মাণ করা সম্ভব হলেও একটি সুন্দরবন কিংবা একটি নদী নতুন করে সৃষ্টি করা যায় না। জলবায়ু পরিবর্তন, মহামারি ও পরিবেশগত সংকট আমাদের বারবার মনে করিয়ে দেয়—প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং মানুষ প্রকৃতির মালিক নয়, বরং এর অবিচ্ছেদ্য অংশ।

সেমিনারে সচিবদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম ও অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান ও ধন্যবাদ জ্ঞাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা