প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৫ পিএম
সাংবাদিক আনিস আলমগীর। ছবি : ফেসবুক
সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে।
এর আগে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন 'জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স'-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
ডিবি প্রধান জানান, ওই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলাতেই আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছিল।