প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩২ পিএম
বার্ডো’র উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত। প্রবা ফটো
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালন করেছে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)।
এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুরের শিয়ালবাড়ী বার্ডোর কার্যালয়ে সংস্থাটির উদ্যোগে র্যালি ও কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. ওমর ফারুক। তিনি বার্ডো’র কার্যক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরো ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আলীম মিঞা, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ড. মো. আলমগীর হোসেন, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের উপাধ্যক্ষ খোরশেদা আক্তার রোজী, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আরেফিন মাহমুদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বার্ডো’র কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
কর্মশালায় মূল প্রবন্ধে বার্ডো’র উপ-ব্যবস্থাপক ফিরোজা খাতুন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে ১১ দফা সুপারিশ পেশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ হোসনে আরা বেগম এবং সংস্থার কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক মো. সাইদুল হক।
সভায় সভাপতিত্ব করেন বার্ডো’র সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার। তিনি বলেন, আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মনোবল বৃদ্ধি পায় এবং নতুন নতুন প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়ে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে।