প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোঃ মারুফ জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বাড্ডা থানার একটি মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামে। তার বাবার নাম মো. মোস্তফা ফরাজী। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৫০৫৪৬/২৫।