প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১১:৪১ এএম
ছবি : সংগৃহীত
ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। এদিন সকালে ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।