প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম
মোহাম্মদ হোসেন। প্রবা ফটো
রাজধানী লালবাগ থানার শহীদনগরে দু পক্ষের ঝামেলা থামানোর জেরে মোহাম্মদ হোসেন (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হোসেন লালবাগ থানার শহীদনগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে।
নিহত হোসেনের বোন সুরাইয়া জানান, আমার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতো। গতকাল (সোমবার) স্থানীয় আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। সেখানে আমার ভাই তাদের দুইজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং গতকাল রাতে তার কাছে আমার ভাই হোসেন মাফ চায়। কিন্তু আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।
তিনি আরও জানান, সাধারণ একটি ঘটনা নিয়ে আমার ভাইকে তারা এভাবে হত্যা করে ফেলল। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইয়ের একটাই দোষ তাদের দুইজনের মধ্যে ঝামেলা লেগেছিল, সেটি সমাধান করার চেষ্টা করেছিল। পরে আবির আমার ভাইকে এভাবে ছুরিকাঘাত করে হত্যা করলো।
হোসেনের বোন আরও জানান, আবির ওই এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং সে ছাত্রলীগ করায় গত এক বছর এলাকা থেকে পলাতক ছিল। কিছুদিন আগে আবার এলাকায় আসে। এসে আমার ভাইকে হত্যা করলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।