রাজধানীর আগারগাঁও
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৩ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ এএম
রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। প্রতীকী ছবি।
রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন মো. জলিল মিয় (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ইভা (৬) ও মনিরা আক্তার (১৭)।
দগ্ধদের গ্রামের বাড়ি শেরপুর জেলার লালিতাবাড়ী থানার তালুকপাড়া গ্রামে। বর্তমানে তারা আগারগাঁও পাকামার্কেট ইসলামী ফাউন্ডেশনের বাঁ পাশে ২০৪/এফ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মেয়ের জামাই আরফান মিয়া জানান, ভোরের দিকে বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে যায়। পরে আমরা সবাইকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগারগাঁও থেকে নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের ড্রেসিংয়ের কাজ চলছে। এখনও বলা যাচ্ছে না তাদের কত শতাংশ দগ্ধ হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।