ফ্রান্সে ইয়াবা রপ্তানির চেষ্টা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনাল থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ। ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সে পাচারের উদ্দেশ্যে এই ইয়াবা কার্গোর অন্যান্য মালামালের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট-৮–এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় এভসেক সদস্যরা স্ক্রিনিংয়ের মাধ্যমে ইয়াবাগুলো শনাক্ত করেন।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সের প্যারিসে রপ্তানির জন্য বুকিং দেওয়া মালামালের ভেতরে লুকিয়ে রাখা ছিল চার হাজার পিস ইয়াবা। স্ক্রিনিংয়ের সময় কর্তব্যরত এভসেক সদস্যদের সতর্ক দৃষ্টিতেই ইয়াবা গুলো শনাক্ত হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে ইয়াবা জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেন।
বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের ফলেই এই চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলেও তারা উল্লেখ করেন।