প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ০০:০৬ এএম
রাজধানী কদমতলী থানার জুরাইন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পাপ্পু শেখ (২৬) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইনের মিষ্টির গলিতে এ ঘটনা ঘটে।
নিহত পাপ্পুর বাবা মন্টু শেখ জানান, জুরাইন গ্যাস পাম্প রোডের আশরাফ মাস্টার আর্দশ স্কুলের সামনে স্থানীয় বাপ্পা ও কাঞ্চিসহ ৩জন তার ছেলেকে গুলি করে পালিয়ে যায়। তারা খবর পেয়ে পাপ্পুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে পাপ্পুকে গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কে বা কারা পাপ্পুর বাম পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জুরাইন থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।