প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ০০:২৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ০৯:০৪ এএম
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বিল্লাল হোসেন ওরফে বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা উদ্যানের বি-ব্লকে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় নিহতের বাবা কাশেমও আহত হয়েছেন।
সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, বি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে কয়েক ব্যক্তি বাবু ও তার বাবা কাশেমকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় দিকে কর্মরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আর তার বাবা কাশেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। তবে কে কার কাছে কীসের টাকা পাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি তুলে ধরে তিনি বলেন, হামলাকারীরা বাবুর বাবাকে আগে মারার চেষ্টা চালায়। আটকাতে গেলে বাবুকেও মারতে উদ্যত হয় তারা। এক পর্যায়ে বাসার ভেতর ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে গিয়ে কুপিয়ে জখম করে বাবুকে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।