প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২২:১৩ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ২২:১৬ পিএম
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী 'বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫' বৈশ্বিক সম্মেলন আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি চলবে সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিজিএসের সভাপতি মো. জিল্লুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতি বছরেরমতো এবারও সিজিএস বে অব বেঙ্গল কনভারসেশন আয়োজন করছে। অনুষ্ঠানে দেশ-বিদেশের একাধিক বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পেশাজীবীরা উপস্থিত থাকবেন।
বিগত বছরের থেকে এবারের সম্মেলনটির পার্থক্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে মো. জিল্লুর রহমান বলেন, আমরা বিগত সম্মেলন থেকে নিজেদের সমৃদ্ধ করতে চেষ্টা করছি। এর আগের সরকারের নানা ধরনের হয়রানির কারণে আমরা তীক্ত বিরক্ত ছিলাম। এর আগে ড. মুহাম্মদ ইউনূস চেষ্টা করে সফল হননি। ডা. জাফরুল্লাহ স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বেশি সফল হতে পারেননি।
তিনি বলেন, বিগত সরকারের গোয়েন্দা সংস্থার লোক দিয়ে সম্মেলনের হল ভরে রাখা হয়েছিল। ৯ জন মন্ত্রী কথা দিয়ে ৭ জনই আসেননি। দুজন আসলেও একজন বাইরে চা খেয়ে আড্ডা দিয়ে চলে গেছে, বক্তব্য দেননি। আমাদের অফিসের ফাইলপত্র নিয়ে গেছে। প্রায় সময় আমাদের জনবলকে গোয়েন্দা অফিসে নিয়ে যেত।
অপর প্রশ্নের জবাবে সিজিএসের সভাপতি বলেন, এটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ায় বাংলাদেশের বাইরে বৈশ্বিক বিষয়গুলো স্থান পাবে।