প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের ক্যাফেটারিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সরকারি কর্মচারি হাসপাতাল ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে একটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়।
দ্বি-পাক্ষিক চুক্তিতে সরকারি কর্মচারি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (প্রশাসন) মো. সাইদুজ্জামান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আ ন ম মোস্তাদুদ দস্তগীর।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মিজ সায়েমা শাহীন সুলতানা এবং সরকারি কর্মচারি হাসপাতালের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আ. রাজ্জাক সরকারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, সরকারি কর্মচারি হাসপাতালের ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্ব পর্যটন করপোরেশনের কাছে ন্যস্ত হওয়ায় হাসপাতালে আগত চিকিৎসা সেবাপ্রার্থী ও জনসাধারণের কাছে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন নিশ্চিত হবে। ক্যাফেরেরিয়াটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাস থেকে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে ক্যাফেটেরিয়াটি পরিচালনার কাজ শুরু হবে। প্রাথমিকভাবে চুক্তি পাঁচ বছরের জন্য সম্পাদিত হয়েছে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, সাশ্রয়ী মূল্যে সরকারি কর্মচারি হাসপাতালের ক্যাফেটারিয়ায় উন্নত সেবা নিশ্চিতে সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবা প্রদানের ক্ষেত্রে আরও একটি দ্বার উন্মোচিত হলো। অপরদিকে, সরকারি কর্মচারি হাসপাতালের মহাপরিচালক বলেন, ক্যাফেটারিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে হাসপাতালের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে।