প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম
রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে ডিবির মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা (৫৬), মিরপুর থানার ৭নং ওয়ার্ড এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ মাহাবুল আকন্দ (২০), নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দীন (৬০) ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার ওয়ারী, ঢাকা মেডিকেল কলেজ, মিরপুর, সিদ্ধেশ্বরী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তালেবুর রহমান জানান, নাশকতা, ঝটিকা মিছিল, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ঠেকাতে অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।