প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০১:০০ এএম
ঢাকার ধামরাইয়ে থেমে থাকা ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ধামরাই বাজার রোডে ডি-লিঙ্ক পরিবহনের থেমে থাকা কয়েকটি বাসের মধ্যে একটি বাসের জানালা খোলা ছিল। হেলমেট পরিহিত দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ওই খোলা জানালা দিয়ে কিছু নিক্ষেপ করেই দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। বাসটির ভেতরে তখন কেউ ছিল না।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ভেতরের কয়েকটি সিট পুড়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডি-লিঙ্ক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।