শিক্ষক আন্দোলন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২৩:৩১ পিএম
দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন।
রবিবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকার মিরপুরে অলক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৮ নভেম্বর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেডে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্বামীর নাম ডিএম সোলায়মান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আন্দোলনরত শিক্ষক নেতারা বলছেন, সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে শাহবাগে কলম বিরতির দিন অংশ নেন ফাতেমা আক্তার।
উত্তর মতলবের আমিয়াপুর ডা. মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম। উনি গত ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হন। হাসপাতালে নেওয়া হলে একপর্যায়ে কথা বলা বন্ধ হয়ে যায় তার। তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন-লিপি) খায়রুন নাহার লিপি তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।