প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২২:৫৮ পিএম
দেশের দ্রুত বর্ধনশীল অ্যাকুয়াকালচার খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এক জাতীয় কর্মশালা আয়োজিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) শেরাটন ঢাকায় অ্যাকুয়াকালচার নেটওয়ার্ক অব বাংলাদেশ (এএনবি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সহযোগিতা করে সি-ই-এফ-এ-এস, ইভলভড রিসার্চ কনসাল্টিং এবং ম্যাকঅ্যালিস্টার এলিয়ট অ্যান্ড পার্টনার্স (ইউকে)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অ্যাকুয়াকালচার নেটওয়ার্ক অব বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. লিফাত রাহি। বাংলাদেশের অ্যাকুয়াকালচারের বর্তমান অবস্থা ও অগ্রগতি শীর্ষক কি-নোট উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (ইনল্যান্ড) ড. মো. মোতালেব হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।
তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক ড. হেলেনা খাতুন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুকুল ইসলাম প্রমুখ।
প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম বলেন, টেকসই অ্যাকুয়াকালচার নিশ্চিত করতে গবেষণা, শিল্প, সরকারি সংস্থা ও চাষিদের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ড. মারিয়া জামান অ্যাকুয়াকালচারে লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নীতিপর্যায়ে কীভাবে শক্তিশালী করা যায়, সে সম্পর্কে আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের টেকসই অ্যাকুয়াকালচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।