প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:৪৭ পিএম
প্রতীকী ফটো
রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকাতেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।