প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম
দেশে সংঘটিত ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও জুলাই অভ্যুত্থান নিয়ে রচিত জুলাইয়ের গান নিয়ে এবার একই সঙ্গে ঢাকার ১০ স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল আয়োজন। আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শুরু হবে ডকুমেন্টারি ফিল্ম বা প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি জুলাইয়ের গানের পরিবেশনের এই আয়োজন। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি জুলাইয়ের গান দিয়ে সাজানো এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুরের টাউন হল প্রাঙ্গণ, বনানী এলিফ্যান্ট রোড এবং হাতিরঝিলে (রামপুরা প্রান্ত) অনুষ্ঠিত হবে।
আয়োজন সম্পর্কে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি জুলাইয়ের গানে প্রতিফলিত হবে মুক্তচিন্তা, মানবতা ও গণতন্ত্রের আদর্শ।