প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর টিটিপাড়া আন্ডারপাস সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। এই আন্ডারপাস চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।
এদিন সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী শেখ মইন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
একপাশে অতিশী দীপঙ্কর রোড, আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড— মাঝখানে এই টিটিপাড়ার লেভেল ক্রসিং। সড়কপথের যানবাহন ও ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে লেভেল ক্রসিংটিকে আন্ডারপাসে রূপান্তর করা হয়। এ কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজধানীর ব্যস্ত এই সংযোগপথ। ফলে অফিসগামী, শিক্ষার্থী এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী লাখো মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। সেই ভোগান্তির অবসান হতে চললো।
নতুন এই আন্ডারপাসে লেন রয়েছে মোট ছয়টি। চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি দুটি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে, নিচ দিয়ে চলাচল করবে অন্যান্য যানবাহন।
এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না। এটি খুলে দেওয়ায় এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।