প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার সাভার উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা সোহানুর রহমান সোহান (২১), ভাটারা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম (৩৮), কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন (২৮) ও কবি নজরুল সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান (৫০)।
তালেবুর রহমান জানান, বুধবার রাতে ডিবি-উত্তরা বিভাগ সাভারের আলমনগর এলাকা থেকে সোহানুর রহমান সোহানকে গ্রেপ্তার করে। একই দিন রাতে ভাটারার সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগ। অন্যদিকে বুধবার বিকেলে বংশাল এলাকা থেকে মোঃ রুহুল আমিনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ। একই দিন দুপুরে যাত্রাবাড়ী এলাকা থেকে কাজী আতিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।