প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:১২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ২০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৫ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গ্রেপ্তার বাকিরা হলেন— সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২), ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪), আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১), আওয়ামী লীগ কর্মী মো. রমজান (৪৭) ও রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ ভুঁইয়া (৪৯)।
জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। তবে পরে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।