প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম
প্রতিকী ছবি।
রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে মো. আল আমিন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল চারটার দিকে বাড্ডার বড় টেক এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিনের ভাই নজরুল ইসলাম জানান, আমার ভাই পেশায় একজন রড মিস্ত্রি। বিকালে বাড্ডার বড় টেক এলাকার একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা থানা এলাকায় বাবার নাম মো. আবুল হোসেন। বর্তমানে বাড্ডার বড় টেক নির্মাণাধীন ভবনে থাকতেন। আমরা দুই ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।