প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৬:৩৮ পিএম
প্রতিকী ছবি।
রাজধানীর খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের খাল থেকে মো. মুজাফফর আহমেদ চৌধুরী লেলিন (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে খিলগাঁও ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের খাল থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের প্যান্টের পকেটে ভোটার আইডি কার্ড থেকে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছি। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া দক্ষিণ ১৯৩/৬ নম্বর বাসার সেলিম চৌধুরীর ছেলে। এ বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেননি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।