প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৬:২৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৮:২১ পিএম
প্রতিকী ছবি।
রাজধানীর চকবাজার থানার নাজিমউদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক মো. সোহাগ (৩০) নিহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
সোহাগকে ঢামেকে নিয়ে আসা মো. আশরাফুল জানান, দুপুর সোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই শ্রমিক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত সোহাগ বরিশালের মুলাদী থানা পোদ্দার পূর্বচর গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে ওই এলাকাতেই থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। স্থানীয়রা প্রিজন ট্র্যাকটি জব্দ ও চালককে আটক করে রেখেছে।