প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২০:৩৩ পিএম
প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে চলা এই সংগঠনটির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২৯ অক্টোবর)। এ উপলক্ষে ‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে সংগঠনটির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপি বর্ণিল আয়োজন।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী সত্যেন সেন উদীচী গঠন করেন। ২০১৩ সালে একুশে পদক লাভ করে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে উদীচী’ শীর্ষক সেমিনার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সংগঠনটির তিনদিনের আয়োজন। বিকেল ৫ টায় শুরু হওয়া সেমিনারে সভাপতিত্ব করেন প্রবন্ধটির লেখক এবং উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। সেমিনার সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
সেমিনারের শুরুতেই মাহমুদ সেলিম রচিত প্রবন্ধটি পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। এ প্রবন্ধের উপর আলোচনা করেন- শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, শিক্ষাবিদ ও গবেষক মামুন সিদ্দিকী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’সহ বিশিষ্টজনেরা। এছাড়া, উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি কমরেড শাহ আলম, সিপিবির কেন্দ্রীয় নেতা শাহীন রহমানসহ সাম্র্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে সক্রিয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদ ও বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা।
প্রবন্ধে বলা হয়, ‘উদীচীর গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য পর্যায়ে বিধৃত আছে, উদীচী যুগ যুগের সাম্রাজ্যবাদী সংকীর্ণ বিকৃত এবং অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করবে। যেহেতু যুদ্ধ বিশ্বমানব, মানবতা, সভ্যতা ও সংস্কৃতির দুশমন, সেহেতু উদীচী যুদ্ধের বিরুদ্ধে ও বিশ্বশান্তির পক্ষে কাজ করে। উদীচী চায় জাতীয় স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশে সকল মানুষের অসাম্প্রদায়িক জাতীয় ঐক্য। উদীচী চায় ধর্ম-বর্ণ-সম্প্রদায় ও জাতিসত্ত্বা নির্বিশেষে সমগ্র দেশবাসীর মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধের সম্পর্ক।
এ সেমিনারে অন্যান্য বক্তরা বলেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই উদীচীর জন্মগত অঙ্গীকার। উদীচী মানেই সাম্রাজ্যবাদ বিরোধিতা, উদীচী মানেই সাম্প্রদায়িকতা বিরোধিতা, উদীচী মানেই মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, উদীচী মানেই বিশ্বমানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে নিয়োজিত একটি সাংস্কৃতিক সংগঠন।
উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ জানান, দেশে ও বিদেশে উদীচীর সাড়ে তিন শতাধিক জেলা ও শাখা সংসদে একযোগে উদযাপন করা হচ্ছে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয়ভাবে এ আয়োজনের সমাপনী হবে আগামী ৩১ অক্টোবর। সেদিন বিকাল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত হবে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলনমেলা। সেখানে উদীচীর বর্তমান শিল্পী-কর্মীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে উদীচীর লড়াই-সংগ্রামের সাথে যুক্ত বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পী-কর্মীরা।