প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২৩:৫১ পিএম
রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজহার আলী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা ডেপুটি ইঞ্জিনিয়ার মো. মনির জানান, আজহার পেশায় শ্রমিক। আমাদের নির্মাণাধীন ১৪ তলা ভবনের ওয়ালে পানি দেওয়ার কাজ করতেন। দুপুরের দিকে বেজমেন্টে মোটর চালিয়ে জমে থাকা পানি বাইরে ফেলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজহারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাজাবাড়িয়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।