প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৮:২১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের পিতা মো. মফিজ উল্লাহ রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত ও হার্টের অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মফিজ উল্লাহ কর্মজীবনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। তার বাড়ি নোয়াখালীর লক্ষ্মী নারায়ণপুর গ্রামে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।
এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তারা বলেন, ‘মহান রাব্বুল আল-আমিন যেন তাকে বেহেশত নসিব এবং শোকার্ত পরিবারকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।’
শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে মরহুম মফিজ উল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।