প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৩২ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া সরাই মসজিদ এলাকায় নিজ চা দোকানে মোঃ মনির (৫০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনিরের ছেলে মিরাজ জানান, আমার বাবা একজন চায়ের ব্যবসায়ী। আজ সকাল ১১টার দিকে দনিয়া সরাই মসজিদ সংলগ্ন আমাদের চা দোকানে বাবা ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে বলে খবর পাই।পরে ঘটনাস্থলে গিয়ে আমার বাবাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান,আমার বাবা এলাকার এক লোকের থেকে কিছু টাকা হাওলাত (ধার) নিয়েছিল। ওই লোক সকালে এসে আমার বাবাকে বকাঝকা করলে এই অপমান সহ্য করতে না পেরে নিজ দোকানেই আমার বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।