প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ২২:৫০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ২২:৫৮ পিএম
প্রতিকী ছবি।
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকা পালক ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। নিহতের নাম মো. বুলবুল আহমেদ রুবেল (৪৯)।
রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আলিফ আহমেদ অনিক বলেন, আমার বাবা থাকেন মুন্সিগঞ্জে। ফকিরাপুল কোমর গলিতে দাদি, আমি, ছোট চাচা ও অভিযুক্ত পালক চাচা রনি (৩৫) থাকেন। শিশু অবস্থায় আমার দাদি রনিকে পালক নিয়েছিল। আজ সকালে আমার খালা পপি আক্তার কোমর গলির বাসায় আসছিলেন দাদির মাধ্যমে কিস্তিতে লোন উঠানোর জন্য কথা বলতে। সেখানে চাচা রনির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়।
অনিক আরও বলেন, এসব বিষয় নিয়ে কথা বলতে আমার বাবা-মা মুন্সিগঞ্জ থেকে ফকিরাপুল আসেন সন্ধ্যায়। এরপর চাচা রনির সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবার বুকে ও হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত করে চাচা। পরে সেখান থেকে বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশসলং গ্রামের মৃত আজিজ ভুঁইয়ার ছেলে। দুই মেয়ে ও এক ছেলের জনক রুবেল সৌদি প্রবাসী ছিলেন। পাঁচ বছর আগে দেশে এসে অটোরিকশা চালানো শুরু করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।